দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের কালকিনিতে একটি বাসার জানালা ও ব্যালকনির গ্রিল কেটে স্বর্ণালংকার চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকারের একটি অংশ, স্বর্ণ বিক্রির পাওয়া ২ লাখ ৪০ হাজার টাকা এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কালকিনি উপজেলার মো. সুজন সরদার (৩৪) এবং কালকিনি বাজারের বিসমিল্লাহ জুয়েলার্সের মালিক এনামুল হক (৪৫)।
পুলিশ জানায়, কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঝাউতলা এলাকার বাসিন্দা জান্নাতুল হুসনা (৩৮) সন্তানদের পড়াশোনার কারণে পরিবার নিয়ে ঢাকায় অবস্থান করছেন। গত ২৫ আগস্ট সকাল ১০টা থেকে ২৮ আগস্ট সকাল ৯টার মধ্যে কোনো একসময় তাঁর স্বামীর তিনতলা ভবনের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা ব্যালকনি ও জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ও রুপার নুপুর নিয়ে যায়। চুরি যাওয়া মালামালের মধ্যে ছিল স্বর্ণের গলার হার, টিকলি, আংটি, রুলি, লকেটসহ চেইন, কানের দুল, পাশা, নাকফুল ও ব্রেসলেট। এ ছাড়া দুই জোড়া রুপার নুপুরও ছিল।
চুরির খবর পেয়ে কালকিনি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়।
পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি উপজেলা পরিষদ এলাকা থেকে সুজন সরদারকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী বসতঘরে অভিযান চালিয়ে চুরি করা স্বর্ণালংকার বিক্রির ২ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় দুটি সেলাই রেঞ্জ, হাতুড়ি, প্লাস, ১২ নম্বর গুডি রেঞ্জ, ১৫ নম্বর ডালি ও গুডি রেঞ্জ এবং একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।
পুলিশ জানায়, সুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে কালকিনি বাজারের বিসমিল্লাহ জুয়েলার্সে অভিযান চালানো হয়। সেখান থেকে দোকানের মালিক এনামুল হককে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তার কাছ থেকে একটি স্বর্ণের গলার ছেঁড়া হার, এক জোড়া কানের দুল, একটি টিকলি, একটি ব্রেসলেট ও একটি গলিত স্বর্ণের টুকরা উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া স্বর্ণের মধ্যে গলার ছেঁড়া হারটির ওজন এক ভরি ১০ আনা ৫ রতি ৮ পয়েন্ট, কানের দুল ৬ আনা ৪ রতি ৮ পয়েন্ট, টিকলি ২ আনা ৫ রতি ৩ পয়েন্ট, ব্রেসলেট ৩ আনা ২ রতি ৮ পয়েন্ট এবং গলিত স্বর্ণের টুকরাটির ওজন ৬ আনা ৩ রতি।
এ ঘটনায় ৩০ আগস্ট কালকিনি থানায় মামলা হয়েছে। মামলার এফআইআর নম্বর ২৩ এবং জিআর নম্বর ১৫৪। মামলায় দণ্ডবিধির ৪৫৪, ৩৮০ ও ৪১১ ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার দুজনকে পরে আদালতে পাঠানো হয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন অভিযানে ইতোমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
যে আই